
নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় চলাচলের রাস্তার বিরোধকে কেন্দ্র করে নাঈম খান (চা দোকানি) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত ৭ নভেম্বর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার প্রধান আসামি হোসেন, তার স্ত্রী মায়া এবং তাদের ছেলে ইকবাল।
এর আগে গত শনিবার দুপুরে রাস্তার বিরোধকে কেন্দ্র করে আসামিরা নাঈম খানের ওপর চড়াও হন এবং তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে জহুরা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলার দ্রুত পদক্ষেপ নিয়ে প্রধান আসামিসহ এজাহারভুক্ত তিনজনকে আইনের আওতায় এনেছে।