সিদ্ধিরগঞ্জের শিমরাইলে চা দোকানী বৃদ্ধ নাঈম খান হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জের শিমরাইলের উত্তরপাড়ার চা দোকানে বৃদ্ধ নাঈম খান হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷
গতকাল শুক্রবার সকাল ১১ টায় ব্যানারসহ বিক্ষোভ মিছিলটি শিমরাইল উত্তরপাড়া থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে ফুট ওভার ব্রিজের নিচে গিয়ে নাঈম খান হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি ফাঁসির দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করে৷
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে পরিবারের পক্ষে ছিলেন নিহতের ছোট ভাই মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মনির হোসেন, মামলার বাদী হিরা আক্তার, পান্না আক্তার,, পারভেজসহ এলাকাবাসী৷ গত শনিবার ৭ নভেম্বর দুপুরে শিমরাইল উত্তরপাড়ার একটি চলাচলের রাস্তার বিরোধে একই এলাকার মোঃ হোসেন ও তার ছেলে ইকবাল এবং হোসেনের স্ত্রী মায়া বেগম বৃদ্ধ চা দোকানী নাঈম খানকে (৬০) পিটিয়ে রক্তাক্ত জখম করে রাস্তায় ফেলে রাখে৷
মূমুর্ষ অবস্থায় নাঈম খানকে এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ৩ টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাঈম খানকে মৃত ঘোষণা করেন৷ এ ঘটনায় নিহতের মেয়ে হিরা আক্তার বাদী হয়ে ঘাতক হোসেন মায়া ও ইকবালকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ শিমরাইল উত্তরপাড়ায় অভিযান চালিয়ে নাঈম খান হত্যা মামলার ৩ আসামীকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে৷