

কুমিল্বলা রুড়ায় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে অটোচালকের মৃত্যু, মারধরের অভিযোগে আটক ১
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় ভাংতি টাকা নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটি ও মারধরের অভিযোগের পর সোহেল মিয়া নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ঝলম বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত সোহেল মিয়া উপজেলার বিলপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঝলম বাসস্ট্যান্ডের কেরানি মো. আবুল বাসারের দুই ছেলের সঙ্গে ভাংতি টাকা নিয়ে সোহেলের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল বাসারের এক ছেলেকে থাপ্পড় মারেন বলে জানা গেছে। পরে বাসারের অপর ছেলে, যিনি বলাকা বাসের স্টাফ হিসেবে কর্মরত, ঘটনাস্থলে এসে সোহেলকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল। পরে তাঁকে দ্রুত বরুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের দাবি, সোহেল জন্মগতভাবে মৃগীরোগে আক্রান্ত ছিলেন। তবে তাঁর মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। স্বজনদের অভিযোগ, মারধরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের দাবি, সোহেল স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দুই পক্ষের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
এ বিষয়ে বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।
একটি ভাংতি টাকার বিরোধ থেকে শুরু হওয়া এ ঘটনার পর অটোচালকের মৃত্যুকে ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। তবে সোহেলের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
আপনার মতামত লিখুন :