

সিদ্ধিরগঞ্জে মরহুম গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম গাজী ইসমাইল হোসেনের ১৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ‘গাজী ইসমাইল হোসেন ফাউন্ডেশন’-এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদে বাদ জুমা এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সভাপতি গাজী মনির হোসেনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গাজী পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এর আগে মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজী পরিবারের পক্ষ থেকে মরহুম গাজী ইসমাইল হোসেনের কবর জিয়ারত করা হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি কবরবাসীর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, মরহুম গাজী ইসমাইল হোসেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার রাজনৈতিক ও সামাজিক কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর অনন্য অবদান ও স্মৃতিকে শ্রদ্ধাভরে স্মরণ করতে পরিবারের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তাঁর মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
আপনার মতামত লিখুন :